বরিশাল সদর উপজেলায় হত্যার হুমকি দিয়ে এক কিশোরীকে (১৩) অপহরণের পর রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম রুহুল আমিন আকন (২৯)। তিনি উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—একই এলাকার ইলিয়াস, সাইদ, রুহুল আমিন এবং অজ্ঞাতনামা এক নারী।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম জানান, গত শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আসামিরা তার মুখ চেপে ধরে এবং চাকু দেখিয়ে হত্যার হুমকি দেয়। এরপর তাকে এক প্রতিবেশীর বাড়ির দোতলার একটি কক্ষে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করা হয়।
পরদিন শনিবার ভোর ৫টার দিকে কিশোরীর কানের দুল ছিনিয়ে নিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। পরে স্বজনরা তাকে বাড়ির পাশ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার ছয় দিন পর গত বুধবার কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন নম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগী কিশোরী তাকে শনাক্ত করে।
ওসি আল-মামুন উল ইসলাম আরও জানান, ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।