লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (QR) ও ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পূবালী ব্যাংক পিএলসির সরিকল উপ-শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সরিকল বাজারের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সড়ক থেকে একটি র্যালি বের হয়ে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পূবালী ব্যাংক পিএলসির সরিকল উপ-শাখার ব্যবস্থাপক মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক টরকী বন্দর শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন কাজী রিয়েল স্টেটসের কর্ণধার কাজী সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গত ১ জুলাই থেকে দেশব্যাপী বাংলা কিউআর ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন। ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ক্যাশলেস অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, বাংলা কিউআর ব্যবহারের বিস্তার ঘটলে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়বে, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে এবং ব্যাংকিং খাতে স্বচ্ছ ও গতিশীল অর্থপ্রবাহ নিশ্চিত হবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সরিকল বন্দরের বিভিন্ন ব্যবসায়ীর হাতে বাংলা কিউআর কোড হস্তান্তর করা হয়। এ সময় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।