খাগড়াছড়ির পানছড়িতে প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস লেনদেনের প্রসার এবং ‘এক দেশ এক কিউআর’ (Bangla QR) ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে পানছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পূবালী ব্যাংক পিএলসি’র পানছড়ি উপ-শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এম কে এম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক মো. ইকবাল, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল।
সভায় বক্তারা বলেন, আধুনিক আর্থিক লেনদেন ব্যবস্থায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে। ‘বাংলা QR’ ব্যবস্থা চালুর মাধ্যমে দেশের প্রত্যন্ত ও প্রান্তিক পর্যায়েও ডিজিটাল লেনদেনের সুযোগ সহজতর হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ স্মার্টফোনের মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদে লেনদেন করতে পারবেন।
বক্তারা আরও বলেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তুলতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। ‘এক দেশ এক কিউআর’ ব্যবস্থা বাস্তবায়িত হলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা একটি অভিন্ন কিউআর ব্যবস্থার মাধ্যমে সহজে লেনদেন করতে পারবেন।
অনুষ্ঠানে পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ৩ নম্বর পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোবারক হোসেন, পানছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পানছড়ি পূবালী ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার অঞ্জন সাহার সঞ্চালনায় সভায় ব্যাংকের আধুনিক গ্রাহকসেবা, ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং ক্যাশলেস লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।