ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।
আটক সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনসিপি নেত্রী সাদিয়া আক্তার নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকার কয়েকজনকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে সাদিয়াকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে তিন হাজার করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এনসিপির নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান জানান, বিষয়টি পুরোপুরি জানা নেই তাঁর। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে তার দায় সংগঠন নেবে না, এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়। সাদিয়া আক্তার যদি সত্যিই এ অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং নেওয়া হবে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে টাকা নিয়েছেন। বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করে দেখছে।