বরিশালের গৌরনদীতে একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মেহেদী হাসান তুরাগ (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩১ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত মেহেদী হাসান তুরাগ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশালগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৬৭-২১-২১৪১) ও ঢাকাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারীরা আহত মেহেদী হাসানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।