সিরাজগঞ্জ সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের 'নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে অনৈতিক কাজে জড়িত নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করেন। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে বগুড়ার মোকামতলা উপজেলার দুই নারী এবং উল্লাপাড়া উপজেলার চারজন রয়েছেন। তাদের মধ্যে একজন ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপক বলে জানিয়েছে সংগঠনটি।
‘জেন জি আলোড়ন’-এর সদস্যদের অভিযোগ, হোটেলটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দাবি।
সংগঠনের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল ইসলাম বলেন, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার খবর পেয়ে তারা সেখানে যান। পরে হোটেলের ভেতর থেকে ছয়জনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সংগঠনের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ‘হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, হাটিকুমরুলের নিরিবিলি আবাসিক হোটেল থেকে আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।