বাংলাদেশের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জাতিসংঘের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের গুরুত্ব উঠে আসে। পাশাপাশি জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
আলোচনায় বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় জাতিসংঘের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন জহির উদ্দিন স্বপন। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও সংস্কার প্রক্রিয়ার সংশ্লিষ্ট ক্ষেত্রে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।
বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা আরও কার্যকরভাবে অব্যাহত রাখার আগ্রহের কথা জানান।
দুই পক্ষের আলোচনায় উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলোতে পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।