বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচালনা করে পৃথক দুই মাদকবিরোধী অভিযানে ২০১০ (দুই হাজার দশ) পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে পরিচালিত এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।
গ্রেফতারকৃতরা হলেন— বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫), ঝালকাঠির রাজাপুর থানার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩), আগৈলঝাড়ার একই গ্রামের মৃত আফজাল সেরনিয়াবাতের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং মৃত জাহাঙ্গীর সেরনিয়াবাতের ছেলে হৃদয় সেরনিয়াবাত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে সেরাল চৌরাস্তা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম ও হৃদয় সেরনিয়াবাতকে গ্রেফতার করে পুলিশ। অভিযান শেষ করে ফেরার পথে একটি মোটরসাইকেলের বেপরোয়া গতি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়িটি থামানোর সিগন্যাল দিলে চালক ও আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মেহেদী হাসান ও রাশেদ খানকে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মোহাম্মদ আনসার উদ্দিন এবং আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করেন।
সাংবাদিকদের উপস্থিতিতে প্রাথামিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মেহেদী হাসান ও রাশেদ খান জানান, তারা গৌরনদী উপজেলার চিহ্নিত মাদক ডিলার হীরা মাঝির কাছ থেকে পাইকারি দামে এই ২০০০ পিস ইয়াবা কিনেছিলেন। পরবর্তীতে নিরাপদ রুট ভেবে মোটরসাইকেলযোগে আগৈলঝাড়ার সেরাল হয়ে বরিশালের দিকে নিয়ে যাচ্ছিলেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।