প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক সারাদেশে এক লক্ষ কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও বিতরণ অনুষ্ঠান থেকে অতি দরিদ্র পরিবারের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষকদের মাঝে কৃষক কার্ড এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের মাঝে সম্মানী ভাতা বিতরণের অনুষ্ঠানটি প্রজেক্টরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি দেখানো হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর কৃষি ব্লকের আওতাধীন ২ হাজার ১ শত ৫১ জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হচ্ছে। এদের মধ্যে ১ হাজার ৮ শত ৫৪ জন ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক কৃষি উপকরণ সহায়তার ২ হাজার ৫ শত টাকা করে পাবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে উপজেলার সকল কৃষি ব্লকের আওতাধীন কৃষককে কৃষক কার্ড এবং নীতিমালা অনুযায়ী উপকারভোগী নির্বাচন করে কৃষি উপকরণ সহায়তার অর্থ প্রদান করা হবে। সরকারের এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা।