উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীনদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উচ্চমাধ্যমিকের প্রয়োজনীয় পাঠ্যবই এবং পরিবেশ সচেতনতা বাড়াতে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পাণ্ডের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুল সালাম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আব্দুল সালাম বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করাই শিক্ষার উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হতে হবে। তিনি নবাগত শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ও কলেজের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহাঙ্গীর আলম, কলেজের দাতা সদস্য আসাদুজ্জামান মাসুদ মিয়া, ব্যবসায়ী ও সমাজসেবক এস. এম. মোশাররফ হোসেন, আমিনুল হক শাহীন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক জহির উদ্দিন দোলন ও প্রভাষক মিজানুর রহমান। এ সময় গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম, এস. এম. জানে আলম, অভিভাবক মোনাসেফ মামুনসহ কলেজের শিক্ষক, অভিভাবক, নবীন ও প্রবীণ শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবাগত শিক্ষার্থীদের হাতে উচ্চমাধ্যমিকের প্রয়োজনীয় পাঠ্যবই তুলে দেওয়া হয়। একই সঙ্গে কলেজের গভর্নিং বডির সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিনের সৌজন্যে প্রত্যেক নবীন শিক্ষার্থীকে একটি করে ফলদ ও বনজ গাছের চারা দেওয়া হয়। এ সময় কলেজের প্রবীণ শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পরিবেশনায় নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।