দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১১৬৭) -এর নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিনাজপুরের বিরামপুরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর স্ট্যান্ড কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো: ফজলে রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম।
বিরামপুর স্ট্যান্ড কমিটির সম্পাদক মো: মুকুল সরকার অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে বিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা মো: শফিকুল আলম মামুন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা মো: শিরন আলম উপস্থিত ছিলেন।
এতে বিরামপুর স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মধ্য দিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।