জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে না পারলে কোনো রাজনৈতিক দলের পক্ষে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, শুধু দলীয় শক্তি কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা যায় না। রাজনীতিতে টিকে থাকতে হলে জনগণের মনিকোঠায় জায়গা করে নিতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গোলাম মাহবুব চত্বরে শহীদ মিনার প্রাঙ্গণে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।
জহির উদ্দিন স্বপন বলেন, “দল করলেই হবে না। কেবলমাত্র দল করলে ক্ষমতায় থাকা যায় না। তার প্রমাণ শেখ হাসিনা। তিনি শুধু দলই করেননি, রাষ্ট্রকেও দলের অঙ্গ বানিয়ে ছেড়েছিলেন। পুলিশ ও বিভিন্ন বাহিনীকে দলের অঙ্গ বানিয়েছেন, গণমাধ্যমকেও কিনে ফেলেছেন। তারপরও ক্ষমতায় টিকে থাকতে পারেননি। কারণ, যে রাজনৈতিক দল জনগণের রাজনীতি করে না, সেই দল কখনো জনগণের মনিকোঠায় স্থান পেতে পারে না।”
তিনি আরও বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, বিএনপির রাজনৈতিক আদর্শ ও দর্শন প্রত্যেক নেতাকর্মীকে ভালোভাবে বুঝতে হবে। দলের যোগ্য নেতাদের উচিত সহকর্মীদের রাজনৈতিক আদর্শ, দর্শন ও মূল্যবোধ শেখানোর জন্য সময় বের করা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, একটি রাজনৈতিক দলের কাজ শুধু ক্ষমতায় যাওয়ার চেষ্টা কিংবা সরকারে আসার পর গম-চালের তৎপরতার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। একটি দলকে দীর্ঘদিন টিকে থাকতে হলে তার আদর্শ, দর্শন ও সাংগঠনিক শক্তিকে সুসংহত করতে হবে।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তরের দ্বায়িত্বে) রফিকুল ইসলাম কাজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ন আহবায়ক শামীম খলিফা, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন।উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম। তিনি গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিল পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।