জিবিএন বাংলা

খেলাধুলা ডেস্ক

খেলাধুলা ডেস্ক


বামে মোহাম্মদ মিঠুন ও ডানে তাওহীদ হৃদয়

একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শক্তিশালী ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে সবচেয়ে বড় চমক মোহাম্মদ মিঠুন। দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলের ছায়াতলে ফেরার সুযোগ পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। দলটির অধিনায়ক তাওহীদ হৃদয়। মিঠুন ২০২১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর আর কোনো ফরম্যাটেই ফেরার সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে ব্যাট হাতে পারফর্ম করার পাশাপাশি নেতৃত্বও দিয়েছেন। এবার জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকা সফরের ‘এ’ দলে। শুধু মিঠুনই নন, এই দলে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ একাধিক মুখ। নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেন রয়েছেন স্কোয়াডে। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের কাছাকাছি থাকা হৃদয়ের নেতৃত্বও দলটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে নিজেদের প্রস্তুত করা ও জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকা ক্রিকেটারদের পারফর্ম করার সুযোগ করে দেয়াই হবে এই সফরের অন্যতম লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিশিয়াল ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’। ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম ম্যাচের পর ৯ সেপ্টেম্বর কিম্বার্লি ও ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা।

বামে মোহাম্মদ মিঠুন ও ডানে তাওহীদ হৃদয়