জিবিএন বাংলা

আইন ও অপরাধ

জুয়ার নেশা মেটাতে ১৪ বিয়ে! লাস ভেগাসে গ্রে*ফ*তার চীনা তরুণী

জুয়ার নেশার পেছনে ওড়াতে হবে লাখ লাখ ডলার। আর সেই বিপুল অর্থ জোগাতে অভিনব এক প্রতারণার পথ বেছে নিয়েছিলেন এক নারী। প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে একে একে ১৪ জন পুরুষকে বিয়ে করেন তিনি। এরপর কৌশলে হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ।চাঞ্চল্যকর এই জালিয়াতির ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জুয়ার স্বর্গরাজ্যখ্যাত লাস ভেগাসে। অভিযুক্ত ৩৩ বছর বয়সী ওই নারীর নাম জিয়াইং চেন, যিনি ‘ভিকি লিয়াং’ নামে ভুয়া পরিচয় ব্যবহার করতেন। সম্প্রতি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি।তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের মার্চ থেকে নেভাদার ক্লার্ক কাউন্টিতে মোট ১৪টি বিয়ের সনদ সংগ্রহ করেন চেন। লাস ভেগাসে বিয়ে নিবন্ধনের প্রক্রিয়া তুলনামূলক সহজ হওয়ায় এই শহরটিকেই তিনি প্রতারণার মূল কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলেন।কারো সাথে পরিচয়ের কয়েক মাসের মধ্যেই বিয়ের প্রস্তাব দিতেন চেন। বিয়ের পিঁড়িতে বসার পরপরই শুরু হতো আসল খেলা।অসুস্থতার নাটক: বিয়ের পর চেন দাবি করতেন, চীনে থাকা তার অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রচুর অর্থের প্রয়োজন।অর্থ আত্মসাৎ: এই আবেগঘন অজুহাতে তিনি স্বামীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। জিজ্ঞাসাবাদে চেন স্বীকার করেন, প্রতিটি ভুয়া বিয়ে থেকে তিনি সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত হাতিয়েছেন। এক ভুক্তভোগী জানান, স্বজনের চিকিৎসার কথা বলে তার কাছ থেকে ৪০ হাজার ডলার নেওয়ার পর চেন হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন এবং জানান যে তিনি আর সম্পর্ক রাখতে চান না।যোগাযোগ বিচ্ছিন্ন: অর্থ হাতে পাওয়ার পরপরই ভুক্তভোগীদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতেন তিনি। এভাবে স্বামীদের কাছ থেকে মোট এক লাখ মার্কিন ডলারেরও বেশি আত্মসাৎ করেন চেন।চিকিৎসার নামে নেওয়া টাকা যেত ক্যাসিনোতেতদন্তে জানা গেছে, স্বজনদের চিকিৎসার কথা বলে টাকা নিলেও তার এক ডলারও চিকিৎসার পেছনে ব্যয় হয়নি। সংগৃহীত অর্থের সিংহভাগই তিনি উড়িয়েছেন লাস ভেগাস স্ট্রিপের বিলাসবহুল 'উইন ক্যাসিনো'তে জুয়া খেলে। পুলিশ জানিয়েছে, জুয়ার নেশায় শুধু গত এক বছরেই চেন হারিয়েছেন ৩ লাখ ডলারেরও বেশি।২০২৪ সালে গ্রেপ্তারের পর গত ৯ জুলাই আদালতে বহুবিবাহ এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দোষ স্বীকার করেন চেন। তবে প্রসিকিউশনের সাথে একটি সমঝোতায় (প্লি বার্গেন) পৌঁছেছেন তিনি।সমঝোতা অনুযায়ী, নিজের দোষ স্বীকার করার বিনিময়ে চেনের বিরুদ্ধে আনা আরও কয়েকটি গুরুতর অভিযোগ প্রত্যাহার করতে সম্মত হয়েছে প্রসিকিউশন। একই সাথে আদালতকে তার জন্য কারাদণ্ডের বদলে 'প্রবেশন' বা পর্যবেক্ষণাধীন মুক্তির সুপারিশ করা হবে।নেভাদার আইন অনুযায়ী, বহুবিবাহের অপরাধে ১ থেকে ৪ বছর এবং প্রতারণার অভিযোগে ১ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে প্রসিকিউশনের এই সমঝোতার কারণে হয়তো বড় ধরনের কারাদণ্ড থেকে বেঁচে যেতে পারেন চেন। আগামী ২০ আগস্ট আদালতে তার চূড়ান্ত সাজা ঘোষণা করা হবে।

জুয়ার নেশা মেটাতে ১৪ বিয়ে! লাস ভেগাসে গ্রে*ফ*তার চীনা তরুণী