দিনাজপুরে মটর পরিবহণ শ্রমিক নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে ছড়িয়ে পড়েছে শ্রমিকদের দু'টি গ্রুপের সংঘর্ষ। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। থানার সামনে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। চলছে শ্রমিকদের দু'টি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, ট্যাংকলরি, এম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন দিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে সাধারণ শ্রমিকরা। সকালে থানা ঘেরাও করা শ্রমিকদের সঙ্গে অপর পক্ষ জাতীয়তাবাদী সমর্থক শ্রমিকদের থানার ভেতরেই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।শ্রমিকদের একটি গ্রুপ থানার সামনে বাসে অগ্নিসংযোগ করেছে। বাসে দাউ দাউ করে জ্বলছে আগুন। এতে তিনটি বাস ক্ষতিগ্রস্থ হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আটক শ্রমিক নেতা শেখ বাদশাকে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। এনিয়ে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মো.আনোয়ার হোসেন জানিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। আলোচনার প্রস্তুতি চলছে। প্রসঙ্গত,দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশাকে বুধবার রাতে আটক করে পুলিশ। শেখ বাদশা শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী। শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুর কোতয়ালী থানায় সমবেত শ্রমিকদের মধ্যে সকালে তুমুল সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। এ সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সাংবাদিক সহ কমপক্ষে ১৫ জন।পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।অন্যদিকে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুর শহরের বেশ কিছু সড়কে বাস, ট্রাক, এম্বুলেন্স রেখে অবরোধ সৃষ্টি করেছে শ্রমিকরা। আটকা পড়েছে অসংখ্য যানবাহন। পথচারীরাও চলাচল করতে পারছেনা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।