মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, ৬ দালালের কারাদণ্ড
সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে ৯ জন দালালকে আটক করা হয়। তাঁদের মধ্যে মো. মারুফ হোসেন, মো. আলী হোসেন ও আং কাইয়ুমকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. রাজন মিয়া, সুমন শেখ, মো. ইমরান হোসেন, জামাল হোসেন, মো. সজীব ও মহসিন আহমেদ। তাঁদের মধ্যে রাজন মিয়া, সুমন শেখ ও মহসিন আহমেদকে এক মাস করে; ইমরান হোসেনকে দুই মাস এবং জামাল হোসেন ও মো. সজীবকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রটি বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ তাঁদের কাছে রয়েছে।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করা এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।