ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে অটোরিকশার চালকেরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ২০ থেকে ২৫ জন সিএনজিচালক মহাসড়কের মাঝখানে একটি অটোরিকশা দাঁড় করিয়ে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ অটোরিকশাটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, পরে খোঁজ নিয়ে জানা যায়, এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না থাকায় চালকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন।