মীরা হাজরার লাশ
প্রতিদিনের মতো চা পাতা তুলতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মীরা হাজরা (৪০)। সারাদিন কাজ শেষে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি আর ঘরে ফেরেননি। উদ্বিগ্ন পরিবারের সদস্য ও সহকর্মীরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাগানের একটি গভীর ড্রেন থেকে তার লাশ উদ্ধার করেন।
সোমবার (৩১ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনে ঘটে এই ঘটনা।
জানা যায়, মীরা হাজরা প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাগানের একটি গভীর ড্রেনের ভেতর তার লাশ দেখতে পান তারা। পাশে পাওয়া যায় তার চা পাতা বহনের বড় পুটলিটিও।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার সময় অসাবধানতাবশত মীরা হাজরা গভীর ড্রেন পড়ে যান। এ সময় মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার পুটলির নিচে চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নয়া দিগন্তকে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তারা ময়নাতদন্ত ছাড়াই মীরা হাজরার লাশ নিতে আবেদন করায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।