গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোলান বাজার এলাকার সার ডিলার ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় স্টক রেজিস্ট্রারের সঙ্গে গুদামে থাকা সারের প্রকৃত মজুতের পরিমাণে অসংগতি ও গরমিল পাওয়া যায়। এ অপরাধে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৬ ধারায় দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশন। এর মধ্যে প্রকাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী নির্মল দাসকে (৬০) সারের হিসাবে গরমিল পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি অমূল্য কৃষ্ণ দাসের ছেলে। অপর দিকে, মেসার্স এস এস করপোরেশনের স্বত্বাধিকারী শরীফ ভূঁইয়াকে (৩৪) এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি মৃত আব্দুল কাসেমের ছেলে। অভিযানকালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ও বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন। আদালত সূত্রে জানা গেছে, অভিযানে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি। স্থানীয় প্রশাসন জানায়, কৃষকদের মধ্যে সঠিক সময়ে ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট ও কালোবাজারি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সারের মজুতে অনিয়ম পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।