জিবিএন বাংলা

যে সমীকরণে ফাইনালে খেলতে পারে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ইতোমধ্যে ৪ টেস্টে খেলে ৫৮.৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। টাইগারদের সামনে এখনো ৮টি টেস্ট বাকি আছে। এর মধ্যে চারটি দেশের বাইরে—অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর ঘরের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে। ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। চলতি চক্রে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়। সেই সুবাদে ফাইনালের দৌড়ে নিজেদের ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। বিশেষ করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ভালো ফল করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ফাইনালে উঠতে সাধারণত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট প্রয়োজন হয়। ৬০ শতাংশ পয়েন্টে পৌঁছাতে বাংলাদেশের সামনে অবশ্য খুব কঠিন সমীকরণ নেই। বাকি আট টেস্টের চারটি ঘরের মাঠে জিততে পারলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত একটি জয় প্রয়োজন হবে। ঘরের মাঠে চার টেস্ট জেতার পাশাপাশি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্ট ড্র করতে পারলেও ৬০ শতাংশ পয়েন্টে পৌঁছাতে পারবে বাংলাদেশ। ফাইনালের জায়গা নিশ্চিত করতে হলে ৬০ শতাংশের চেয়ে বেশি পয়েন্টের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে বিদেশের মাটিতে জয় পাওয়ার পাশাপাশি ঘরের মাঠেও পয়েন্ট হারানো যাবে না। চলতি চক্রে আট টেস্টে সাত জয় নিয়ে ৮৭.৫০ শতাংশ পয়েন্টে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের জন্য সিরিজটি কঠিন পরীক্ষা হওয়ারই কথা।

যে সমীকরণে ফাইনালে খেলতে পারে বাংলাদেশ