জিবিএন বাংলা

বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল উত্তর জেলা শাখার দপ্তরের দায়িত্ব পেয়েছেন আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম কাজল। বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বে পদায়ন করা হয়।বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে মো. রফিকুল ইসলাম কাজলকে বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে পদায়ন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অর্পিত দায়িত্বে তিনি তার সাংগঠনিক দক্ষতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।মো. রফিকুল ইসলাম কাজল বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কৃতিসন্তান। বিএনপির রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রফিকুল ইসলাম কাজল বলেন, দলের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও দাপ্তরিক কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল