হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, একজনকে কারাদণ্ড
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার ধারা বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে মোট ৮ হাজার মিটার চায়না দুয়ারী জাল এবং ১৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।অভিযানে জাল মজুত করার দায়ে মো. সুজন মিয়া (পিতা: হযরত আলী, গ্রাম: কয়রাহাটি, ইউনিয়ন: ধারা) নামে একজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানের পর জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “নিষিদ্ধ এসব জালের কারণে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধারা বাজারের গুদামে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে তা যথাযথ নিয়ম মেনে ধ্বংস করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।