পরিবহন শ্রমিক নেতার গ্রেপ্তারে ক্ষোভ, দিনাজপুর শহরজুড়ে যানজট ও ভোগান্তি
দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশার গ্রেপ্তারের প্রতিবাদে কোতয়ালি থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। এতে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পথচারী ও সাধারণ মানুষ। শেখ বাদশা দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১১৬৭) এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দ্বীতা করবেন বলে প্রচারণা চালাচ্ছিলেন।জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর রাত থেকেই পরিবহন শ্রমিকরা দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।আছ বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বাস ও অন্যান্য যানবাহন আড়াআড়িভাবে রেখে ব্যারিকেড সৃষ্টি করে। পাশাপাশি শহরের বিভিন্ন মোড়ে বড় বড় বাস ও নাইট কোচ দাঁড় করিয়ে সড়ক অবরোধ করা হয়।ফলে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। জরুরি কাজে বের হওয়া মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে বিকল্প উপায়ে চলাচল করতে দেখা গেছে।আন্দোলনরত শ্রমিক আব্দুস সালাম জামশেদ বলেন, শেখ বাদশাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।এ বিষয়ে দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলায় শেখ বাদশাকে আটক করা হয়েছে। সড়কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য আমার কাছে নেই।শ্রমিকদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।