দিনাজপুরের বিরামপুরে বুধবার (৫ আগস্ট) জাতীয় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দল, বিরামপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। তিনি বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ এ চারটি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনেরও নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দিবসটি উপলক্ষে এদিন সন্ধ্যার পূর্বে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে বিরামপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিরামপুর শহরের ঢাকামোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জুলাই আন্দোলন নিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে ডাঃ জাহিদ হোসেন বলেন, "কোন অবস্থায় ভাবার কোন কারণ নেই বিএনপি'র সৈনিকেরা, ধানের শীষের সৈনিকেরা ঘুমিয়ে থাকবে আর ষড়যন্ত্রকারীরা মনে করেছেন যা ইচ্ছা তাই করবেন। জনগণকে সাথে নিয়ে, জনগণকে পাশে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি'র আছে। তবে যেকোনো পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, সময় আসলে জনগণই ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিবে।
এসময় জেলা বিএনপি'র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা ও আতিকুর রহমান রাজা মাস্টার, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নূরে আলম নূরা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।