দেশজুড়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহাসিক টরকী বন্দরে এক ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় গৌরনদী উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টরকী বন্দরের প্রধান প্রধান সড়ক, বাণিজ্যিক বাজার এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও বর্জ্য অপসারণ করা হয়। পরিচ্ছন্নতা কাজ চালানোর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের নিজ নিজ আঙিনা ও দোকানপাট পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতামূলক প্রচার চালানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির শরীফ, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি হাসান সাহাবুব শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম কাফি এবং পৌর ছাত্রদল নেতা মোঃ আরিফ খান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এছাড়াও সামাজিক সংগঠন Torki Humanity Rise (THR) — মানবতার জাগরণ-এর সদস্যরা অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর সমাজ গঠনে তারা সর্বদা সচেষ্ট থাকবেন।
অংশগ্রহণকারীরা বলেন, "পরিচ্ছন্নতা কেবল এক দিনের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি আমাদের দৈনন্দিন নাগরিক দায়িত্ব। নিজের বসবাসের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করতে হবে।"
নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ বজায় থাকলে টরকী বন্দরের সার্বিক পরিবেশ আরও স্বাস্থ্যকর ও সুন্দর হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।