জিবিএন বাংলা

ট্রাম্পও সমালোচকদের কাতারে, টুখেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে তোপ

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড কোচ টমাস টুখেলের রক্ষণাত্মক কৌশলই শেষ পর্যন্ত দলের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের সমালোচনার মধ্যেই এবার সেই তালিকায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।গতকাল ট্রাম্প টাওয়ারে ফিফার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইংল্যান্ডের হার এবং টুখেলের কৌশল নিয়ে নিজের মত প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “ইংল্যান্ড দলে এক দারুণ খেলোয়াড় আছে, যার সঙ্গে আমি গলফ খেলেছি। আপনারা তো জানেনই, হ্যারি কেইন সত্যিই অসাধারণ। তবে আমার মনে হয়, ওকে রক্ষণাত্মক ভূমিকায় খেলানোটা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল।”নিজের মন্তব্যের পর কিছুটা রসিকতার সুরে ট্রাম্প আরও বলেন, “ফুটবল সম্পর্কে আমি আর কতটুকুই-বা বুঝি! কিন্তু তারা যখন এগিয়ে গেল, তখনই তাদের সেরা খেলোয়াড়টিকে রক্ষণে নামিয়ে দিল। একটু আক্রমণাত্মক হওয়া উচিত ছিল, তাই না? আমি নিশ্চিত করে কিছু বলছি না, কোচিং নিয়েও আমি বিশেষ কিছু জানি না। তবে সিদ্ধান্তটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। আর হ্যারি মানুষ হিসেবে সত্যিই দারুণ।”উল্লেখ্য, প্রায় ১৮ মাস আগে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচে একসঙ্গে গলফ খেলেছিলেন ট্রাম্প ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। সেই অভিজ্ঞতার কথাও এর আগে দুজনেই প্রকাশ্যে জানিয়েছিলেন।অন্যদিকে, ম্যাচের ফল নিয়ে ব্যাপক সমালোচনা হলেও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো টুখেলের পাশেই রয়েছে। ইএসপিএনের বরাত দিয়ে জানা গেছে, ২০২৮ ইউরো পর্যন্ত টুখেলকে দায়িত্বে রাখার পরিকল্পনাই রয়েছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষের।সেমিফাইনালে ৫৫ মিনিটে ১–০ গোলে এগিয়ে যাওয়ার পর টুখেল কৌশল বদলে পাঁচ ডিফেন্ডারের ফরমেশনে চলে যান। ম্যাচের শেষ দিকে মাঠে ইংল্যান্ডের ছয়জন রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন। তবে সেই রক্ষণাত্মক পরিকল্পনাই শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। ম্যাচের শেষ পাঁচ মিনিট ও যোগ করা সময়ে দুটি গোল করে নাটকীয় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টুখেলের কাছে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাস্যরসের সঙ্গে জবাব দেন। সাংবাদিককে উদ্দেশ করে টুখেল বলেন, “আপনি কি এই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে আপনার সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছেন? আমি শুধু জানতে চাইছি।”হ্যারি কেইনের অবস্থান নিয়ে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় টুখেল বলেন, “কোন পরিস্থিতিতে হ্যারি নিচে নেমে খেলেছে—ঠিক সেটাই আগে পরিষ্কার হওয়া দরকার। যদি শেষ ৩০ মিনিটের কথা বলেন, তখন আমরা ‘ডিপ ব্লক’ কৌশলে খেলছিলাম। দলগতভাবে রক্ষণ সামলানোর পরিকল্পনা নিলে সেটাই স্বাভাবিক। পুরো দল যখন নিচে নেমে রক্ষণে মনোযোগ দেয়, তখন হ্যারিকেও নিচে নেমে ডিফেন্ড করতে হয়।”বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তন যেমন আলোচনায়, তেমনি ইংল্যান্ডের পরাজয়ের পর টুখেলের কৌশলও এখন ফুটবল বিশ্বের অন্যতম বিতর্কিত আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ট্রাম্পও সমালোচকদের কাতারে, টুখেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে তোপ