“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৯ জুলাই ২০২৬ খ্রিঃ (রবিবার) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির নবগঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।সভায় অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু-কে সভাপতি এবং জনাব মাসুদ রানা-কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ১০ জন উপদেষ্টা রয়েছেন। আলোচনা সভায় বক্তারা নারায়ণগঞ্জ মহানগরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে মহানগরীতে চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি দমনে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এবং সঠিক তথ্য-উপাত্ত দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়। নবগঠিত এই কমিটি নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সামাজিক অপরাধ দমনে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিটির নেতৃবৃন্দ।