নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির মল্লিক (২৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে ফতুল্লা থানাধীন আলীগঞ্জ রেল সেতুর সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কবির মল্লিক ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সুলতান মল্লিকের ছেলে। সে বর্তমানে ওই এলাকার উকিল বাড়ির মোড়ে পারভেজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আলীগঞ্জ রেল সেতুর ৯২ নং পিলারের সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ কবির মল্লিককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত কবির মল্লিকের পূর্বের অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।