জিবিএন বাংলা

অপরাধ ও আইন-শৃঙ্খলা

গৌরনদীতে মসজিদের মাঠে বালু ভরাটকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ কমলাপুর গ্রামের ৯নং ওয়ার্ডের সরদার বাড়ি জামে মসজিদের মাঠে বালু ভরাটকে কেন্দ্র করে বিরোধের জেরে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে মো. ইকবাল মুন্সির বিরুদ্ধে। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ইকবাল মুন্সি।সরদার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাই সরদার অভিযোগ করে বলেন, খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া তালুকদারের বাড়িতে বালু ভরাটের জন্য ড্রেজার ও পাইপ নেওয়া হলে মসজিদের মাঠেও অনুদান হিসেবে বালু ভরাট করে দেওয়ার জন্য তাঁর কাছে আবেদন করা হয়। এ সময় তিনি বালু ভরাটের আশ্বাস দেন।মসজিদ কমিটির সভাপতি জানান, বালু ভরাটের প্রস্তুতি হিসেবে মসজিদ মাঠের চারপাশে বাঁধ তৈরি করা হয় এবং মাঠের কিছু গাছও কেটে ফেলা হয়। কিন্তু পরবর্তীতে কোনো কারণে মসজিদ মাঠে বালু ভরাটের কাজ আর হয়নি।তিনি আরও বলেন, পরবর্তীতে বালু ভরাটের পাইপ খুলে নিয়ে যাওয়ার সময় ইকবাল মুন্সির সঙ্গে মসজিদ কমিটির লোকজনের কথা হয়। একপর্যায়ে ইকবাল মুন্সি মসজিদের জন্য ১০ হাজার টাকা দেওয়ার কথা বলেন। কিছু দিন যাওয়ার পরে কাউকে কিছু না বলে পাইপ নিয়ে যাওয়ার চেষ্টা করলে মসজিদ কমিটির লোকজন তাতে বাধা দেন। পরে আলোচনা শেষে ইকবাল মুন্সি দেওয়া ১০ হাজার টাকা ফেরত নিয়ে যান বলে জানান তিনি।মসজিদ কমিটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ঘটনার দিন মসজিদ কমিটির সভাপতির ভাগিনা হেমায়েত হাওলাদার সঙ্গে ইকবাল মুন্সির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। বিষয়টি নিয়ে বিকেল ৪টায় সালিশ হওয়ার কথা ছিল।তবে অভিযোগ রয়েছে, সালিশের নির্ধারিত সময়ের আগেই বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ইকবাল মুন্সি দুটি মোটরসাইকেল নিয়ে কমলাপুর গ্রামের মসজিদসংলগ্ন সড়কের সামনে আসেন এবং সেখানে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটান।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। তবে বোমা বিস্ফোরণের অভিযোগের বিষয়ে ইকবাল মুন্সির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এই বোমার সঙ্গে সংক্ষিপ্ত নই। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান বলেন, ককটেল বিস্ফোরণ হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।ঘটনার সত্যতা ও প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

গৌরনদীতে মসজিদের মাঠে বালু ভরাটকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের অভিযোগ