মাদক, সন্ত্রাস ও যেকোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা প্রভাবকে প্রশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল।
তিনি বলেন, মাদকসহ যেকোনো অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের তদবির কাজে আসবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, গৌরনদীকে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গৌরনদী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা ও সেবন, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন ওসি।
এ ছাড়া অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়ে ওসি বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশের এমন কঠোর অবস্থানের ফলে গৌরনদীতে মাদক ও অপরাধবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।