বরিশালের গৌরনদীতে বালু বহনকারী একটি খালি ট্রলি উল্টে খাদে পড়ে রিফাত গাজী (২২) নামের এক ট্রলি হেলপার মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার খালেক সরদারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত গাজী গৌরনদী থানার নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠি গ্রামের (৩ নম্বর ওয়ার্ড) এর লালচাঁন গাজী ও হেলেনুর বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. হারুন শিকদারের মালিকানাধীন একটি খালি বালুটানা ট্রলি হোসনাবাদ থেকে পিংলাকাঠির উদ্দেশ্যে আসছিল। পথে পূর্ব গরঙ্গল এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলপার রিফাত। পরবর্তীতে গাজী আবু বকর তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় ট্রলিটি চালাচ্ছিলেন পিংলাকাঠি এলাকার সেলিম সরদারের ছেলে রনি সরদার (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ওসি আরও জানান, ট্রলিটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।