ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার আদায়, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ‘নিজেরা করি’। অধিকারবঞ্চিত মানুষের সংগঠিত হওয়ার মধ্য দিয়ে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে ভূমিহীন নারী-পুরুষ, সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ভূমিহীন নেতা মো. রহমত আলীর সভাপতিত্বে এবং মো. আবু হাসেমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন নিজেরা করি’র রায়গঞ্জ অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান, সাইফুল ইসলাম আলাল, রেজাউল করিম খান, সাংবাদিক দীপক কুমার কর, ভূমিহীন নেত্রী খোদেজা বেগম, নারগিস বেগম, রিনা বেগম, রফিকুল ইসলাম ও আব্দুস সামাদ জামিলসহ অনেকে।
সভায় নিজেরা করি’র দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির ভূমিকা তুলে ধরা হয়। সাংবাদিক দীপক কুমার কর সংগঠনটির কর্মসাফল্য নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন।
বক্তারা বলেন, ভূমিহীন ও সুবিধাবঞ্চিত মানুষের সংকট শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এর সঙ্গে ভূমি, জীবিকা, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক বৈষম্যের বিষয় জড়িত। এসব সংকট মোকাবিলায় প্রান্তিক মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন ও সংগঠিত হতে হবে।
ভূমিহীন নারী নেত্রীরা বলেন, সংগঠিত হওয়ার ফলে নারীরা এখন নিজেদের অধিকার ও সমস্যার কথা বলার পাশাপাশি অন্য নারীদেরও সচেতন করছেন। এতে পরিবার ও সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ছে।
অনুষ্ঠানে ফুলজোড় নদী ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে ‘জল জননীর আর্তনাদ’ নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটকের মাধ্যমে নদী, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার সম্পর্ক তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে কৃষি, পরিবেশ, জীবিকা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো পরস্পর সম্পর্কিত। তাই বৈষম্য কমিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও ভূমিহীন নারী-পুরুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।