বরিশালের গৌরনদীতে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রুস্তম মির (৬৫) নামে আরও একজন আহত হয়েছেন। গুরুতর আহত রুস্তম মিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে। আহত রুস্তম মির একই এলাকার আয়নাল মিরের ছেলে এবং গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় শেষে ফারুক সরদার ও রুস্তম মির বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। দক্ষিণ বিজয়পুর এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা তাদের ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফারুক সরদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান। পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আহত রুস্তম মিরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।