বরিশালের গৌরনদীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) টরকী এলাকার নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ আবুল হোসেন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহমুদুল হক উজ্জ্বল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া এবং বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখের ছানি, নেত্রনালির সমস্যা ও অন্যান্য চক্ষুরোগে আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার, বিদেশি লেন্স সংযোজন, ওষুধ ও কালো চশমা দেওয়ার পাশাপাশি যাতায়াত ও থাকার ব্যবস্থাও করা হবে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির জানান, মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি তিন মাস পরপর এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে। অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি রক্ষা এবং চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াতে এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।