জিবিএন বাংলা

দিনাজপুরের হিলি বন্দরে দুই দিনে এলো ১০৫ টন কাঁচামরিচ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরুর মাত্র দুই দিনের মধ্যেই ১৬টি ট্রাকে প্রায় ১০৫ মেট্রিক টন কাঁচামরিচ দেশে এসেছে। আমদানির ফলে বাজারে সরবরাহ বাড়তে শুরু করায় দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে কাঁচামরিচের দাম কমার ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম প্রায় ৫০ টাকা কমে যাওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত প্রথম দিনে ৪টি ট্রাকে ২৯ মেট্রিক টন ৪৪০ কেজি এবং দ্বিতীয় দিনে ১২টি ট্রাকে আরও ৭৫ মেট্রিক টন ৫২০ কেজি কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে। সব মিলিয়ে দুই দিনে মোট ১৬টি ট্রাকে প্রায় ১০৫ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ আমদানি হয়েছে।দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রথম দফায় হিলি স্থলবন্দরের ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। সেই অনুমতির আওতায় পর্যায়ক্রমে নতুন নতুন চালান বন্দরে পৌঁছাতে শুরু করেছে।হিলির পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় কাঁচামরিচ বাজারে আসার পরই দামে পরিবর্তন এসেছে। সোমবার যে কাঁচামরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হয়েছে, মঙ্গলবার তা ১৫০ টাকায় নেমে এসেছে। ব্যবসায়ীদের মতে, আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে দাম আরও কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর ইসলাম বলেন, দেশের বাজারে কাঁচামরিচের চাহিদা মেটানো এবং মূল্য স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও চালান আসবে। সরবরাহ বাড়লে বাজারে দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।হিলি কাস্টমসের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান জানান, আমদানিকৃত কাঁচামরিচ দ্রুত খালাস ও বাজারজাত নিশ্চিত করতে কাস্টমস প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই পণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পৌঁছানো যায়।

দিনাজপুরের হিলি বন্দরে দুই দিনে এলো ১০৫ টন কাঁচামরিচ