জিবিএন বাংলা

দেশে ফিরছেন মির্জা আব্বাস সাথে স্ত্রী আফরোজা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। এ রিপোর্ট লেখা পর্যন্ত মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় ৯টার মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে কুয়ালালামপুরের কুইল রেসিডেন্স অ্যাপার্টমেন্টের লবিতে সাংবাদিকদের সাথে কথা বলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। তিনি আরো বলেন, জ্ঞান ফেরার পর থেকে দেশে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, দেশকে খুব মিস করেছেন এই ৫ মাস, সে (মির্জা আব্বাস) বারবার বলে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশের ফিজিওথেরাপি অনেক ভালো, আমাকে দেশে নিয়ে চল। মির্জা আব্বাস চলমান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলেও জানান আফরোজা আব্বাস। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। এর আগে, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চার দিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। মূলত সিঙ্গাপুরে পূর্ণাঙ্গ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে শুধু ফিজিওথেরাপি দিতে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন মির্জা আব্বাস।

দেশে ফিরছেন মির্জা আব্বাস সাথে স্ত্রী আফরোজা আব্বাস