যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ চমৎকার সাফল্য অর্জন করেছে মেধাবী ছাত্র মীর আতিকুর রহমান। সম্প্রতি প্রকাশিত ফলাফলে সে কৃতিত্বের সাথে "ট্যালেন্টপুল" (মেধাবৃত্তি)-এ বৃত্তি লাভ করেছে।
মীর আতিকুর রহমানের এই গৌরবোজ্জ্বল সাফল্যে তার পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সে ভবিষ্যতে আরও বড় হয়ে দেশের সেবা করতে চায়। মেধাবী আতিকুরের এই সাফল্যের পেছনে রয়েছে তার পিতা-মাতার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা। তার পিতা মীর আজিজুর রহমান পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা মোছাঃ নাজমা খাতুন একজন গৃহিণী। শিক্ষকের সন্তান হিসেবে ঘরেই গড়ে উঠেছিল আতিকুরের পড়াশোনার সুন্দর পরিবেশ, আর মায়ের সার্বক্ষণিক যত্ন তাকে এই কৃতিত্বপূর্ণ ফলাফলের চূড়ায় পৌঁছাতে সাহায্য করেছে।
আতিকুরের এই সাফল্যে পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অত্যন্ত আনন্দিত। তারা আতিকুরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, "আতিকুর অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। তার এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও দারুণভাবে অনুপ্রাণিত করবে।"
ছেলের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মীর আতিকুর রহমানের পিতা-মাতা সকলের কাছে তার ভবিষ্যৎ জীবনের উন্নতির জন্য দোয়া চেয়েছেন।