বরিশালের গৌরনদীতে জন্মনিবন্ধনের সনদ আটকে বিধবা নারীর কাছে ৫ হাজার টাকা দাবী করা হয়েছে।এঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাসিনা বেগম একজন বিধবা নারী এবং প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকার বাসিন্দা হাসিনা বেগম অভিযোগ করে বলেন, কিছুদিন পূর্বে কাসেমাবাদ বাজারের মাদরাসা রোডের মেসার্স তাওসীফ ডিজিটাল সেন্টারের তুহিন আকনের মাধ্যমে অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন করি। পরবর্তীতে হাসিনা বেগম প্রয়োজনীয় কাগজপত্রসহ গৌরনদী পৌরসভায় আবেদনটি জমা দেয়। জন্মনিবন্ধন সম্পন্ন হওয়ার পর তুহিন আকন পৌরসভার নিবন্ধকের কক্ষ থেকে তার জন্মনিবন্ধন সনদ নিয়ে যান। পরে সনদটি ফেরত দেওয়ার বিনিময়ে তার কাছে ৫ হাজার টাকা দাবি করা হয়। তিনি ১ হাজার টাকা দিতে রাজি হলেও তুহিন আকন সনদটি ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন হাসিনা।
এদিকে গৌরনদী পৌরসভার একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন ব্যক্তির আবেদনপত্র নিয়ে আসতে তুহিন আকনকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি বিভিন্ন মানুষের আবেদন নিয়ে পৌর কার্যালয়ে আসেন এবং অফিসের ফাইল নিজ হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মকর্তা জানান, তাকে একাধিকবার অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরও তিনি পৌর কার্যালয়ে আসেন বলে দাবি করেন ওই কর্মকর্তা।
এবিষয়ে অভিযুক্ত তুহিন আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জন্মনিবন্ধনের কাজে বিভিন্ন ধরনের খরচ হয় এবং কখনো ৫ হাজার না, আরো বেশিও লাগতে পারে।
এসময় তার বক্তব্য নেওয়া সাংবাদিকের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরন করেন।