সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদ (ইউপি) উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সংখ্যার চেয়ে কম, ছোট ও রোগাক্রান্ত চারা বিতরণ এবং খাঁচা, খুঁটি ও পরিচর্যা ব্যয়ে অতিরিক্ত মূল্য দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে উপজেলার আট ইউনিয়নে এ কর্মসূচির জন্য মোট ৩ লাখ ৭ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, প্রতিটি চারার জন্য খাঁচা, খুঁটি, পরিচর্যা ও চারার দামসহ ৪০৫ টাকা করে প্রাক্কলন করা হয়েছে। অভিযোগ রয়েছে, নথিতে ১২৫টি চারা দেখানো হলেও কোথাও ৫০-৬০টি করে ছোট চারা বিতরণ করা হয়েছে।
তালম ও মাধাইনগর ইউনিয়নের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, তালমে প্যানেল চেয়ারম্যান নিজ ওয়ার্ডে বৃক্ষরোপণ করেছেন। মাধাইনগরে কোথায় গাছ লাগানো হয়েছে, তা তাঁকে জানানো হয়নি। সগুনা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু কতটি চারা লাগানো হয়েছে, তা জানাতে পারেননি। ইউএনও নুসরাত জাহান বলেন, অনিয়মের অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।