‘গ্রিন গৌরনদী, ক্লিন গৌরনদী’ স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে বাগমারা খাল পরিষ্কার অভিযান ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাল-জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাগমারা খাল এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ‘আলোর মিছিল’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনও কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচির উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। ২২ নম্বর বাগমারা বড়দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিব হাসান এলভি।
সমাবেশে বক্তব্য দেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, মজিবর বয়াতি, দেলোয়ার হোসেন সরদার, সোরাপ হাওলাদার, আঃ খালেক তালুকদার আদু, মিন্টু মোল্লা এবং বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য তরিকুল ইসলাম কাফি।
বক্তারা বলেন, বার্থী-বাগমারা আমানত খালটি এলাকার কৃষি ও পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ। এ খালের ওপর ও আশপাশে অন্তত ২০ থেকে ২৫টি ইরি ব্লক রয়েছে। কিন্তু বেলি ব্রিজসংলগ্ন একটি অপরিকল্পিত সুইচগেটের কারণে খালে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রয়োজনের সময় কৃষকেরা সেচের পানি না পাওয়ায় বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা কৃষকদের স্বার্থে বেলি ব্রিজসংলগ্ন সুইচগেটটি অপসারণের দাবি জানান। তাঁদের দাবি, সুইচগেটটি অপসারণ করা হলে খালে আগের মতো পানি প্রবাহিত হবে এবং এলাকার কৃষকেরা সেচ সুবিধা পাবেন।
পরে ইউএনও মো. ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বাগমারা খালের বিভিন্ন অংশ ও সুইচগেট এলাকা পরিদর্শন করেন। এ সময় কৃষকদের দাবির বিষয়ে ইউএনও বলেন, দেশ ও কৃষকের স্বার্থে সুইচগেট অপসারণের প্রয়োজন হলে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে বিষয়টি বিবেচনা করা হবে।
এ সময় ইউএনও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীকে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত সবাইকে মাদকবিরোধী ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার শপথ পাঠ করান তিনি।