চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা ভোলার চরফ্যাশনে আলাউদ্দিন রাঢ়ী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আসামিরা হলেন—শশীভূষণ থানার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর চর মঙ্গল এলাকার মরহুম কাদের দালালের ছেলে মো: দুলাল দালাল (৫০) ও একই এলাকার মরহুম আ: মোনাফ দালালের ছেলে মো: হেমায়েত (৪৫)। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১৮ আগস্ট রাত সোয়া ৮টার দিকে ভিকটিম মো: আলাউদ্দিন রাঢ়ী চৌমুহনী বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক ৯টার দিকে তার স্ত্রী মোবালফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন বিলের মধ্যে হাঁটুপানিতে তার লাশ দেখতে পেয়ে পরিবারকে সংবাদ দেয়। সংবাদ পাওয়ার পর শশীভূষণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়।