পটুয়াখালীর দশমিনায় পুলিশি অভিযানে জাল টাকাসহ মোঃ হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার ৮ নম্বর সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫:০০ ঘটিকার সময় দশমিনা থানার একটি চৌকস দল দশমিনা মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাবিবুর রহমানের কাছ থেকে ১,০০০ টাকা মূল্যের ৯টি জাল নোট (৯,০০০ টাকা) এবং জাল টাকা বিনিময়ের মাধ্যমে অর্জিত নগদ ২১,০০০ টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমিনা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।